সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট বলেছেন, আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
মুকুট আরও বলেন, শেখ হাসিনা বিদেশে থাকায় পঁচাত্তরের ১৫ আগস্টে বেঁচে যান। ওই মাসের আজকের দিনে (২১ আগস্ট) জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে মারার জন্য জনসভায় গ্রেনেড হামলা করে বিএনপি-জামায়াত জোট। তাদের সে ইচ্ছা পূরণ হয়নি। ওইদিন বেঁচে যাওয়া শেখ হাসিনার হাত ধরেই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।
রবিবার (২১ আগস্ট) বিকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে বাংলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, অ্যাডভোকেট অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, যুবলীগ নেতা সৈয়দ তানজিল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া প্রমুখ।
