জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটকের পাশাপাশি পরিচালক হিসেবেও নাম কামিয়েছেন তিনি। গত বছর সরকারি অনুদানে নির্মাত তার সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পেয়েছে। এবার পরিচালক মীর সাব্বির ফিরছেন নাটকে। তিনি বিটিভির জন্য নির্মাণ করেছেন ‘বিদেশি ছেলে’ নামের নাটক। এটি রচনাও করেছেন তিনি।
নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার অভিনয়-জীবন শুরু হয়েছে বিটিভির নাটকে অভিনয় করে। আর এই প্রথমবার আমি বিটিভির জন্য নাটক রচনা ও পরিচালনা করছি। অভিনয়ও করেছি একটি চরিত্রে। এটি বিশেষ একটি ঘটনা আমার জন্য।’
ইয়াসির আরাফাতের প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুখ আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, তাহমিনা মৌ, সাইদ বাবু, তানিন তানহা প্রমুখ।
সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে বিটিভিতে প্রচার হবে ‘বিদেশি ছেলে’।

