কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর পর্যটক সবুজ (২৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সৈকতের পশ্চিম কুয়াকাটা শুটকি পল্লী সংলগ্ন সমুদ্রে জেলের জালে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পায় জেলেরা। পরে খবর পেয়ে মোশারেফ মাঝি ও আজিজুল হক নামের দুই জেলে নৌকায় করে সবুজের মরদেহ তীরে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ লাশটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে তুলে দেয়া হবে বলে জানান মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আবুল খায়ের।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সোমবার দুপুর দুইটার দিকে পর্যটক সবুজ সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ লাশটি উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার মৃতদেহ জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযানে নামি। মঙ্গলবার সকালে সমুদ্রে জেলেদের জালে আটকে থাকার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে আসি। থানা পুলিশের মাধ্যমে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সৈকতে গোসল করতে নেমে সবুজ (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হন। সবুজ বগুড়ার শাহজাহানপুরের মৃত সেরাজুল হকের ছেলে। সে আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। এর আগে গত রোববার সমুদ্রে গোসলে নেমে মাহাবুব রহমান পারভেজ নামে আরও এক পর্যটকের মৃত্যু হয়।
