গাংনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

আপডেট : ১২ জুন ২০১৯, ০৯:৫৮

গাংনীতে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে হেলপার শাহীন আলী (২৮) নিহত হয়েছেন। এসময় ওই পরিবহনের চালকসহ কয়েকযাত্রী আহত হন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শাহীন মুজিবনগর উপজেলার গোপিনাতপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

প্রত্যক্ষদর্শীরা জানান,মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পরিবহনটি গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের তেলপাম্পের নিকট পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় হেলপার শাহীন ও পরিবহনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময়  মারা যান।  গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম