নতুন ড্যাপ কার্যকর, প্রজ্ঞাপন জারি

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২১:৩৫

রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ২০ বছর (২০১৬-২০৩৫ সাল) মেয়াদি ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) গেজেট প্রকাশ করা হয়েছে।  এর মাধ্যমে ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারালো।

মঙ্গলবার (২৩ আগস্ট) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) গেজেট। ছবি: ইত্তেফাক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজউকের এখতিয়ারভুক্ত ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়। এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হলো। কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগপর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ সম্পন্ন হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।

এক নজরে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)। ছবি: ইত্তেফাক

গত ২৩ জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মো. বরকাতুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত রূপরেখা বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) (২০১৬ -২০৩৫) সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২০ সালের ২ সেপ্টেম্বর খসড়া পরিকল্পনা প্রকাশ করে এর ওপর আপত্তি বা সুপারিশ দাখিল করার জন্য আহ্বান জানায়।

সর্বসাধারণের কাছ থেকে পাওয়া আপত্তি বা সুপারিশ বিবেচনা করে এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

ইত্তেফাক/এনএ/এসটিএম