ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ রয়েছে: টেন হাগ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২১:০৬

লিভারপুলের বিপক্ষে একাদশে ঠাই না পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডে এখনো পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ এরিক টেন হাগ। গতকাল ২-১ গোলে জয় পাওয়া ম্যাচটির একাদশ থেকে বাদ পড়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ৫ বারের ব্যালন ডি অঁর খেতাব জয়ী রোনালদো।

রোনালদোকে ছাড়াই গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে আরো বেশি চৌকষ মনে হয়েছে। ম্যাচে শক্তিশালী লিভারপুলকে হারিয়ে টানা দুই ম্যাচে পরাজয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় রেড ডেভিলরা। ম্যাচের শেষদিকে অবশ্য বদলি হিসেবে মাঠে নামেন পর্তুগাল তারকা। মূলত টেন হাগের আগ্রাসী গেম পরিকল্পনার কারণে পরাজয়ের ধারা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে ইউনাইটেড। 

এদিকে পারিবারিক কারণ দেখিয়ে ইউনাইটেডের মৌসুম পূর্ব সফর থেকে বিরত থাকা রোনালদো ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় ইউনাইটেডে নতুন মৌসুম শুরুর ক্ষেত্রে কিছু বিব্রত ছিলেন পর্তুগাল তারকা। এদিকে ২০১৭ সাল থেকে বড় কোনো ট্রফির দেখা না পাওয়া দলটি ছাড়ার জন্য রোনালদোর এমন ইচ্ছা ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকেই টেন হাগের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অবশ্য ক্লাবটি বরাবরই বলে আসছিল যে তারা রোনালদোকে বিক্রি করবে না।

৩৭ বছর বয়সী রোনালদো অবশ্য ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই শেষ করেছেন আগের মৌসুমটি। এদিকে শেষ পর্যন্ত দলে ফেরার পর ওল্ড ট্রাফোর্ডে রায়ো ভায়েকানোর বিপক্ষে মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়া রোনালদো পুরো খেলা শেষ হবার আগেই ভেন্যু ছাড়লে ক্ষুব্ধ হন টেন হাগ।

ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও বদলী হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। পরাজিত হওয়া ওই ম্যাচে তার পুরো সামর্থ্য দিয়ে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে অবশ্য পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। তবে পরাজিত হওয়া ওই ম্যাচেও সক্রিয় আক্রমনে দেখা যায়নি তাকে।

এসব ঘটনা প্রবাহে সাহসী সিদ্ধান্ত নিতে বাধ্য হন টেন হাগ। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচেই সাইডলাইনে পাঠিয়ে দেন রোনালদোকে। এমন পরিস্থিতিতে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে আরেকটি পরাজয় চরম চাপে পড়ার শঙ্কা ছিল প্রধান কোচের। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব অধিনায়ক ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরের একাদশ থেকে দূরে রাখার পুরস্কার হাতেনাতে পেয়েছেন টেন হাগ। লিভারপুলের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের ফলে তালিকার অবনমন জোন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে ম্যানইউ। 

অবশ্য কোচ বলেছেন, রোনালদোকে নিজের পরিকল্পনার অংশ বানাতে বদ্ধ পরিকর তিনি। টেন হাগ বলেন, আমি মনে করি তিনি পারবেন। খেলোয়াড়ি জীবনে তিনি বিভিন্ন কোচের অধীনে বিভিন্ন ধরণ ও পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন। এখানে বয়স কোন বাঁধা নয়। আমাদের একটি দল রয়েছে এবং খেলার একটি ধরণ রয়েছে। সেই সঙ্গে রয়েছে গেম পরিকল্পনা ও স্টাইল। খেলায় কোনটা সেরা পন্থা সেটি দেখেছেন। আজকে সেই খেলোয়াড়দেরকেই দেখছেন যারা শনিবার ছিল ভিন্ন চেহারায়।

ইত্তেফাক/জেডএইচডি