এশিয়ান অনূর্ধ্ব ২০ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ভলিবল দল। ইরাককে ৩-১ সেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
ম্যাচের প্রথম সেটটি জিতে যায় ইরাক। ২৫-১৯ পয়েন্টে তারা বাংলাদেশকে হারিয়ে দেয়। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ সেটে ২৬-২৪ পয়েন্টে ইরাককে হারায় বাংলাদেশ। ২৪-২৪ পয়েন্টে সমতায় থাকা সেটটি টানা ২ পয়েন্ট তুলে সেটটি নিজেদের করে নেয় বাংলাদেশ।
তৃতীয় সেট অনেকটা হেসে-খেলেই জিতে নেয় বাংলাদেশ। ২৫-১৯ পয়েন্টের ব্যবধানে হারায় ইরাককে।
তবে চতুর্থ সেটটি জিততে বেশ বেগ পেতে হয় বাংলাদেশ দলকে ।শুরু থেকেই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতা। এক সময় ৫-৫ সমতায় বিরাজ করে দুই দল। টানটান উত্তেজনা ছিল খেলার শেষ পর্যন্ত। একসময় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ২৪ আর ইরাকের পয়েন্ট ২২।
এরপর বাংলাদেশ দলের পক্ষে জয়সূচক আরও ১ পয়েন্ট যোগ হলে উল্লাসে মাতে বাংলাদেশ দল। 'ই' গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ বুধবার (২৩ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে । এই প্রতিযোগিতায় মোট ৬ টি গ্রুপে ভাগ হয়ে খেলছে এশিয়ার ১৮ টি দেশ।
