‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগপত্র জমা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার (২৩ আগস্ট) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে মাহিয়া মাহি লিখেছেন, ‘আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। সম্প্রতি 'আশীর্বাদ' সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন তারা।’
অভিযোগপত্রে তিনি আরও লিখেন, ‘প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’
আগামী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আশীর্বাদ’। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।
সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সাজানো হয়েছে ‘আশীর্বাদ’র গল্প। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা জেনিফার ফেরদৌস। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মানিক-রোশান-মাহির বিরুদ্ধে অবশ্যই মামলা করবো: জেনিফার