জিয়াউর রহমান বাংলাদেশের জন্ম-ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরি করে‌ছি‌লেন: কৃষিমন্ত্রী 

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:৩৬

জিয়াউর রহমান বাংলাদেশের জন্ম ও ইতিহাস বিভ্রান্তি তৈরি করেছি‌লেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘জিয়াউর রহমান বাঙালি জাতিকে বিভক্ত করেছেন। জয় বাংলা স্লোগান জিয়া বন্ধ করে দিয়েছিলেন।’ মঙ্গলবার (২৩ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

কৃষিমন্ত্রী তিনি বলেন, ‘‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছন্দের যাদুকর ছিলেন। ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’ এই স্লোগানের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ছিলেন।’’  

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গসহ পদ্মা, মেঘনা,যমুনা বিধৌত দেশের মানুষ কখনোই স্বাধীন ও সার্বভৌম ছিল না। ১৯৪৭ সালে অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছিলাম পূর্ব পাকিস্তান, নতুন শোষকের হাতে পড়ে গিয়েছিল বাঙালি। সেই শোষক থেকে মুক্তি হলো ১৯৭১ সালে আন্দোলনের মাধ্যমে যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু।’

মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়াই ছিল বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ। বঙ্গবন্ধু আপাদমস্তক ছিলেন অসাম্প্রদায়িক। প্রীতিলতা ও সূর্যসেনের চট্টগ্রাম থেকেই স্বাধীনতার সংগ্রাম শুরু হবে বঙ্গবন্ধু ভবিষ্যৎ বাণী ক‌রে‌ছি‌লেন।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। 

এছাড়া আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে এবং আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মাদ আবুল হোসেন, ইআরসির নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মনজুর মোর্শেদ,এস. এম. মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, মো. আবুল কালাম হাজারী ও মো. রনক আহসান, ইআরসি সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক কাজী খায়রুল বাশারসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।

ইত্তেফাক/এএএম