জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলার কথা। কিন্তু সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদে ঢুকে দেখা গেলো ২৩টি দপ্তরের ৩টিতে তখনও তালা ঝুলছে। বাকি ২০টি দপ্তরের দরজা খোলা থাকলেও ততক্ষণে মাত্র ৪টি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত আছেন।
সরেজমিনে পাওয়া গেলো সহকারী কমিশনার ভূমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি রেহেনা আক্তার ইত্তেফাককে বলেন, ‘অনেকদিনের অভ্যাসতো কাটিয়ে উঠতে একটু সময় লাগলেও সবাইকে আন্তরিক হওয়া দরকার। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরি।’
যেসব দপ্তরে তালা ঝুলতে দেখা গেছে তার তিনটি হলো উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উপজেলা আনসার ভিডিপির কার্যালয়, উপজেলা খাদ্যে নিয়ন্ত্রকের কার্যালয়।
উল্লেখ্য, খোলা কার্যালয়গুলোর কর্মকর্তারা না আসলেও কর্মচারীদের সময়মতো হাজির হতে দেখা গেছে।
