ষষ্ঠবারের মত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। আর এই অ্যাওয়ার্ডের জন্য আবেদনের শেষ দিন ৩১ আগস্ট। দেশ ও জনগণের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছেন তাদের স্বীকৃতি দিতে ষষ্ঠবারের মত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ আয়োজন করা হচ্ছে।
ইয়াং বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি প্রয়োজনে তরুণরা যেই সংগঠনের মাধ্যমে সাড়া দিয়েছেন তারা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ জন্য আবেদন করতে পারবেন।
এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংগঠন, যারা অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত, তারাও আবেদন করতে পারবেন। পুরষ্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে।
এছাড়া সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবকেও আবেদন করতে আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা।
অ্যাওয়ার্ডের জন্য আগামী ৩১ আগস্টের মধ্যে ইয়াং বাংলার ওয়েবসাইটে (jbya.youngbangla.org) আবেদনের করা যাবে। সেখানেই মিলবে বিস্তারিত তথ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমা পড়া আবেদনগুলো ১ অক্টোবরের পর বাছাই করা হবে। বাছাই করা সংগঠনগুলোর কাজ এবং সমাজে এর প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ সামাজিক অন্তর্ভুক্তি ও সম্প্রদায় ভিত্তিক উন্নয়নে ১০টি পুরস্কার দেওয়া হবে।
আবেদন পাওয়ার পর একটি বিচারকদল কঠোর প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিতদের বাছাই করবেন। এ বছর নভেম্বরে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।
মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান 'জয় বাংলা'র অনুসারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর প্রবর্তন করা হয়।
২০১৪ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করা ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ লাভ করেছে। বিগত ৫ আসরে পুরষ্কার পাওয়া সংগঠনগুলোর পাশাপাশি ইয়াং বাংলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে ১০০ টির বেশি সংগঠন। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য।

