পূর্বধলায় ট্রাকচাপায় নিহত ১  

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:১৬

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মনু আক্তার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই বালুচড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মনু আক্তার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদ্লা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে গৌরপুর থেকে পূর্বধলার পাবই বালুচড়া এলাকায় আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিলেন মনু আক্তার। এসময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

ইত্তেফাক/এআই