লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫:৪২

লক্ষ্মীপুরে শিল্পী আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মো. হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতে এই রায় দেয় আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। 

সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সফিক উল্যাহর ছেলে। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।   

আদালত সূত্রে জানা যায়, হোসেনের সঙ্গে ২০০৩ সালের দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নে যাদৈয়া গ্রামের আব্দুল হাসেমের মেয়ে শিল্পীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন মেয়ে ও একজন ছেলে সন্তান আছে। ২০১৬ সালের দিকে হোসেন দ্বিতীয় বিয়ে করে।

২০১৮ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় জোরপূর্বক মুখ চেপে শিল্পিকে বিষ খাইয়ে দিয়ে তার মাথায় আঘাত করে হোসেন। পরে হাসপাতাল নেওয়ার পথে শিল্পী মারা যায়। ঘটনার পর নিহতের বাবা হাসিম বাদী হয়ে হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পরে ময়নাতদন্তের ভিত্তিতে ২০১৯ সালের ২০ অক্টোবর পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ইত্তেফাক/এমএএম