এশিয়া কাপ ২০২২

লেগ স্পিন সামলাতে ব্যস্ত টাইগার ব্যাটাররা 

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫:১৩

আসন্ন এশিয়া কাপের পর্দা উঠছে ২৭ আগস্ট। আর বাংলাদেশ তাদের এশিয়া কাপের মিশন শুরু করবে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই মূল ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে  প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন করেছেন আফগানিস্তানের ক্রিকেটাররাও।

আফগানিস্তান স্পিনে কতোটা শক্তিশালী তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে লেগ স্পিনে রশিদ খান সবচেয়ে বেশি ভয়ের কারণ হতে পারে বাংলাদেশ ব্যাটারদের কাছে। 

এছাড়াও মুজিবুর রহমান হতে পারে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম। তাই বাংলাদেশের ব্যাটাররা বেশি জোড় দিচ্ছেন স্পিন সামলানোতে। আর তাই স্কোয়াডের বাহিরে থাকা লেগ স্পিনার রিশাদকে অনুশীলনের জন্য যুক্ত করা হয়েছে বাংলাদেশ দলের সঙ্গে। তবে নেটে এই দিন বল করতে দেখা যায়নি রিশাদকে। নেটে বল করেছেন পার্ট টাইম লেগ স্পিনার সাব্বির রহমান।  

এছাড়াও বল করেছেন দুই ভারতীয় লেগ স্পিনার। শ্রীরামের হাত ধরেই বাংলাদেশের নেটে তাদের ঠাঁই মিলেছে সাময়িক সময়ের জন্য। তাদের সামলাতে ভালোই বেগ পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। এছাড়া নেটে ব্যাট করেছেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। দুই জনই চেষ্টা করেছেন বড় শট খেলার। ব্যাটিং কোচ জেমি সিডন্সকে এগিয়ে এসে বাড়তি পরামর্শ দিতে দেখা গেছে।  

এদিন আরও ব্যাটিং করেছেন ওপেনার এনামুল বিজয়, নাইম শেখ ও কাপ্তান সাকিব আল হাসান। নাইম ব্যাট করার সময় বল করতে দেখা যায় সাকিবকে। এসময় বেশকিছু লম্বা শট খেলতে দেখা যায় নাইমকে। দূর থেকে ব্যাটিং পরখ করেছেন সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। মাঝেমধ্যে বিভিন্ন পরামর্শ দিতেও দেখা গেছে তাকে। 

ইত্তেফাক/এসআর