জয়পুরহাটে নারীর গলাকাটা লাশ উদ্ধার, ছেলে আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৬:২৬

জয়পুরহাট জেলা শহরে জোসনা কুণ্ডু (৬৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় জয়পুরহাট শহরের হরিবাসর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করেছে পুলিশ। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, জেলা শহরের হরিবাসর এলাকায় একটি পরিত্যক্ত ভাড়া বাড়িতে বসবাস করতেন মৃত হরি কুণ্ডুর স্ত্রী জোসনা কুণ্ডু। একমাত্র ছেলে নিশিত কুমার কুণ্ডু (২৪) সঙ্গে থাকতেন। ছেলে মাদকাসক্ত হয়ে পড়লে মাস খানেক আগে অত্যাচারে অতিষ্ঠ মা খনজনপুর এলাকায় অবস্থিত একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন। ছেলে শুক্রবার সকালে বাসায় আসে এবং মায়ের লাশ দেখতে পায় বলে পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক তদন্ত শেষে জোসনা কুণ্ডুকে বটি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানান, ওসি আলমগীর জাহান। 

তিনি আরও জানান, আমাদের ধারনা সকালে ছেলে আসার পর মাদক কেনার জন্য টাকা না পেয়ে মাকে খুন করতে পারে। এ ধারনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে নিশিত কুমার কুণ্ডুকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও অন্য কেউ জড়িত আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি। 

অপরদিকে, পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ফারজানা রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ সুপার নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, জোসনা কুণ্ডু নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা দ্রুত এই খুনের রহস্য উদঘাটন করতে সক্ষম হবো এমন প্রত্যাশার কথা জানান তিনি। 

ইত্তেফাক/এমএএম