শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৭১ এর ১৬ ডিসেম্বরের পরে সারা বিশ্ব শেখ মুজিবের নামে বাংলাদেশকে চিনেছে -জেনেছে। শেখ মুজিবের নামে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। শেখ মুজিব মানেই বাংলাদেশ। এ জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ জাতি-রাষ্ট্রের মহানায়ক। বিজ্ঞান, প্রযুক্তি ও সৃষ্টিশীল মানবিক জাতি গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
শুক্রবার (২৬ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাণ্ডারি। পড়ালেখাকে আনন্দময় করার জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি মনস্ক, মানবিক সৃষ্টিশীল জাতি গঠনের উপযোগী শিক্ষা নীতিমালা করা হয়েছে।
এসময় উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার মাটি আর মানুষের সন্তান। অনেক নেতা থাকলেও বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের ব না, বৈষম্য, নিগ্রহ, শোষিত হওয়া, দারিদ্র্য সাম্প্রদায়িকতা দেখেছিলেন।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পাবনা ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. নুরজাহান বেগম প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খান প্রমুখ।
