মান্দায় একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:১০

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (৩৫)। তিনি কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে। 

হামলায় কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হকসহ (৪৫) একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার স্থানীয় বাসিন্দা রাজু জানান, বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের একটি সন্ত্রাসী গ্রুপ। এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাঁকেও মারধর করেন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।

আরেক স্থানীয় বাসিন্দা মেহেদি বলেন, ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত পৌণে ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় কির্তলী গ্রামের শরিফ উদ্দিন ও দেলুয়াবাড়ি বাজারের পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী যুবক সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে রুবেল হোসেনের বড়ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন।

তিনি আরও বলেন, এ সময় আতিকুর রহমানকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে আসলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনায় মেহেদী হাসান পাইলট (৩০), তার বাবা আব্দুল মজিদ (৬০), রায়হান (৩০) ও পারুল বিবিকে (৫০) কে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি