'পূর্ব ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া' 

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৬:৩৫

রাশিয়া সম্ভবত গত পাঁচ দিনে ডনবাস অঞ্চলের দোনেতস্ক সেক্টর বরাবর আক্রমণ বাড়িয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের পাল্টা আক্রমণ ব্যর্থ করতে এই হামলাগুলোর লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার। 

খবরে বলা হয়েছে, রুশ-অধিকৃত শহর দোনেতস্কের উত্তরে অবস্থিত সিভার্স্ক ও বাখমুত শহরের কাছে তীব্র লড়াই চলছে। ব্রিটেনের মন্ত্রণালয় টুইটারে তার দৈনিক গোয়েন্দা বুলেটিনে একথা জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ইউক্রেনীয় ইউনিটগুলিকে প্রলুব্ধ করতে রাশিয়া ডনবাসে তাদের প্রচেষ্টা বাড়িয়েছে। এমন জল্পনার মধ্যে ইউক্রেন একটি বড় পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 

ইত্তেফাক/এসআর