২১ আগস্ট শেখ হাসিনার কিছু হলে বিএনপি-জামায়াত দেশকে আফগানিস্তান বানাতো: চিফ হুইপ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০০:১৪

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ২১ আগষ্ট শেখ হাসিনার যদি কিছু হয়ে যেত তাহলে জামায়াত বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতো। আজ মেয়েদের আর লেখাপড়া করতে দিতো না। মুজাহিদ-নিজামী এ দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলতো। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমাদের সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবেলা করা। ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশে এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে। 

শনিবার (২৭ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০১৯ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চীফ হুইপ বলেন, বঙ্গবন্ধু না হলে যেমন বাংলাদেশ পেতাম না। শেখ হাসিনার জন্ম না হলে উন্নত বাংলাদেশ পেতাম না। মেয়েদের জন্য শেখ হাসিনা আশীর্বাদ, দোয়া সরুপ। নারীদের জন্য শেখ হাসিনা যা করছে চাকুরীসহ সব জায়গায় সুযোগ করে দিয়েছে। আমার পাশে জেলা প্রশাসক বসা তিনিও নারী। তোমরাওতো একদিন এরকম ডিসি হতে পারো। নারী স্পীকার আছে। একদিন তোমরাও স্পীকার হতে পারো। বর্তমান সংসদের সংসদ নেতা নারী, উপনেতা নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পীকারও নারী, কয়েকটা মন্ত্রনালয়ের মন্ত্রীও নারী। বঙ্গবন্ধু কন্যা, নারী ও পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করেন নাই।

মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০১৯ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে  মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী , উপজেলা পর্যায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প পরিচালক মো. তাজুল ইসলাম, মাদারীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোল্যা রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদার সহ আরো অনেকেই।

 
একইদিন চীফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, উপজেলা কৃষি প্রশিক্ষন ভবনের উদ্বোধন, সালেহ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও উভয় স্কুলে ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, উপজেলার বিভিন্ন ক্লাবের মাঝে অনুদান বিতরন কর্মসূচীতে অংশ নেন।

 

ইত্তেফাক/ইআ