ষড়যন্ত্র আবার শুরু হয়েছে, আমাদের মোকাবিলা করতে হবে: চিফ হুইপ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৯:০২

চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‌‘২১ আগস্ট শেখ হাসিনার যদি কিছু হয়ে যেত তাহলে জামায়াত-বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতো।’ 

লিটন বলেন, ‘আজ মেয়েদের আর লেখাপড়া করতে দিতো না। মুজাহিদ নিজামী এ দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলতো। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। আমাদের সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবিলা করা। ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশে এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে।’ 

শনিবার (২৭ আগস্ট) মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ২০১৯ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেনসহ আরও অনেকেই। 

একইদিন চিফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবনের উদ্বোধন, সালেহ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও উভয় স্কুলে ম্যানেজিং কমিটি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, উপজেলার বিভিন্ন ক্লাবের মাঝে অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ইত্তেফাক/মাহি