অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে বসলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। ওই অ্যাকাউন্ট থেকে বেশকিছু ভারতবিরোধী মন্তব্য প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে ভারতে রীতিমতো হইচই শুরু হয়েছে।
জানা গেছে, হ্যাকারের পাল্লায় পড়েছেন বলিউড শাহেনশা। অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে পাকিস্তান সমর্থক তুরস্কের ‘আয়ুলদিজ টিম’।
টুইটার হ্যান্ডেলে তার বদলে বসানো হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখের ছবি। অমিতাভের পরিচয়ে লেখা হয়, ‘অভিনেতা….অন্তত কেউ তো তেমনই বলে। পাকিস্তানকে ভালোবাসি।’
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, গর্ভপাতের অভিযোগ
এছাড়া ভারতবিরোধী স্লোগানও লেখা হয় সেখানে। অবশেষে নিজের টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলতে বাধ্য হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

সোমবার তুরস্কের কিছু হ্যাকার এই কাজটা করে। অমিতাভের টুইটারে ভারতবিরোধী মন্তব্যও লেখা হয়। একটা টুইটে লেখা হয়, ‘ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে। মুহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।’
টুইটারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটো ছবিও আপলোড করে হ্যাকাররা। সেখানে লেখা হয়, ‘ইমরান খানকে ভালোবাসি।’
এ ছাড়াও পাকিস্তান ও তুরস্কের পতাকার ইমোজিও দেওয়া হয় সেখানে। তবে খবর পেওয়ার পরেই ব্যবস্থা নেন অমিতাভ বচ্চন। তিনি তার টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন। সংবাদমাধ্যমের মাধ্যমে সবার কাছে সেই খবরও পৌঁছে দেন।
ইত্তেফাক/বিএএফ
