আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ: শানাকা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:০৮

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় দেশটি। ৮ উইকেটের বড় পরাজয় দিয়েই এবারের এশিয়া কাপের আসর শুরু করলো আয়োজক দেশটি। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। 

শনিবার (২৭ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজুর রহমান) খুব ভালো বোলার আর সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাহিরে তাদের সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কি হবে তা জানি, তাদের খেলোয়াড়দের সম্পর্কে জানি। এটা আগামী ম্যাচে বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ১ সেপ্টেম্বর।  

ইত্তেফাক/এসআর