অসহায়দের পাশে ইউএনওর ‘মানবিক সহায়তা বক্স’ 

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৩:৪৫

আবুল কাসেমের দুঃখের দিন আর থাকবে না। কষ্ট আর তাকে তাড়া করবে না। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে সমস্যা হবে না। আর এসব সমস্যার সমাধান করলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার মানবিক সহায়তা বক্স। সহায়তা হিসেবে বৃহস্পতিবার তাকে দেওয়া হয় একটি ব্যাটারিচালিত রিকশা। 

বয়সের ভারে নুয়ে পড়া কাশেম দীর্ঘ ৪৮ বছর ধরে পা-চালিত রিকশা চালিয়ে আসছেন। শরীরে দানা বেঁধেছে অনেক রোগ। হার্টের সমস্যা তাকে কাবু করেছে বেশি। এ অবস্থায় একটি চার্জার রিক্শার জন্য আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। এরই পরিপেক্ষিতে তাকে আজ দেওয়া হয় একটি চার্জার রিকশা। আয় এখন বাড়বে বলে জানান কাশেম।

জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়ায় ভর্তি হয়েছেন দিনমজুর তসলিম উদ্দিনের ছেলে মেহেরুল ইসলাম। টাকার অভাবে বই কিনতে পারছিলেন না। তাকে আজ কঙ্কাল ও বই কেনার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়। গঙ্গাচড়া ডিগ্রি কলেজের তানিয়া আক্তার পেলেন একটি বাইসাইকেল ও বই। কাশেম, মেহেরুল ও তানিয়ার মতো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু ৫৭ জন গরীব ও অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিশেষ করে বই, খাতা-কলম, ইউনিফর্ম, জুতা, সেন্ডেল, ছাতা, ব্যাগ, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। তা-ছাড়া চিকিৎসা সহায়তা দেওয়া হয় ৭ জনকে। বস্তুত এ সহায়তা দেওয়া হয় ১২ জনকে। 

টিন ও নগদ অর্থ দেওয়া হয় ৮ জনকে। ফরম পূরণের জন্য টাকা দেওয়া ৭ জনকে। সেলাই মেশিন দেওয়া হয় ১৫  জনকে। মেডিক্যালে ভর্তির জন্য টাকা দেওয়া হয় ১ জনকে। উপজেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষকে দেওয়া হয়েছে মানবিক সহায়তা। বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত  সহায়তা প্রধান অনুষ্ঠানে এমন তথ্য প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, কবি ও লেখক শম আমজাদ হোসেন, গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম লেবু, বাংলাদেশ আওয়ামী লীগ গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, গত ৬ মাস ২৩ দিনে মানবিক সহায়তা বক্সের মাধ্যমে মোট ৮ লাখ টাকা দান করা হয়েছে। 

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি এরশাদ উদ্দিন পিএএ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। আর যোগদান করেই তিনি গত ১৪ ফেব্রুয়ারি তার অফিস রুমে মানবিক সহায়তা বাক্স নামে একটি দান বাক্স খুলেছেন। ব্যতিক্রমী উদ্যোগ মানবিক সাহায্যের আবেদন। সেই দান বক্স উপজেলার সর্বস্তরের লোকজন এটিকে একটি ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ইত্তেফাককে বলেন, ‘টাকার অভাবে অসহায় গরীব শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে, টাকার অভাবে বিবাহযোগ্য কন্যাকে বিয়ে দিতে পারছেন না, কিংবা বন্যা ও নদী ভাঙা মানুষের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা করতে মানবিক সহায়তা বক্স কাজে লাগবে।’ 

নির্বাহী অফিসার আরও বলেন, ‘সরকারের সাহায্য-সহযোগিতা পেতে অনেক সময় লাগে। তখন লোকজনের কষ্ট বেড়ে যায়। এসব বিষয় মাথায় রেখে যোগদানের পর থেকে অফিস কক্ষে মানবিক সহায়তা বক্স স্থাপন করা হয়েছে। এজন্য আমার অফিসে আসা সব ব্যক্তি কিংবা সভা সমাবেশে সব শ্রেণিপেশার মানুষকে মানবিক সহায়তা বক্সে দান করার জন্য আহ্বান করছি।’

ইত্তেফাক/মাহি