ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতেও কাজ করতে হবে। ২০১৪ ও ২০১৯ সালে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে তাদের সেবা করা জন্য এমপি বানিয়েছে। আমি আমার যৌবনের তোয়াক্কা না করে জনগণের ভালোবাসার মূল্য দিতে আজ পর্যন্ত উন্নয়নের কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন বিধায় আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানিয়েছেন। আগামী ২০২৩ সালের নির্বাচনে আপনারাই সিদ্ধান্ত নিবেন উন্নয়নের ছায়াতলে থাকবেন না মুখের চাপাবাজদের দলে থাকবেন।
রবিবার (২৮ আগস্ট) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া সড়কের পাকাকরন ভিত্তি প্রস্তর স্থাপন কালে এক আলোচনা সভায় এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
তিনি এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাকে উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি কাজী জাফরউল্লাহর লোকজন গুজব রটাচ্ছে যে, আগামী নির্বাচনে কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীক পেলে আমি নিক্সন চৌধুরী নির্বাচন করব না। আমি হাজারো জনতার সামনে আজ বলে যাচ্ছি কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীক পাক আর তার চেয়ে আরও বড় কোন প্রতীক পাক তাতে আমার কিছু যায় আসেনা। আপনারা জনগণ যদি আমাকে চান তাহলে আমি আপনাদের সঙ্গে নিয়েই আগামী নির্বাচন করব ইনশাল্লাহ। আমি যদি দীর্ঘ ৯ বছর আপনাদের উন্নয়ন ও মূল্যায়ন দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতেও জনগণের সেবা করে যাব।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও নেতা-কর্মীরা।
