বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানার আদালত এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। এছাড়া এ মামলা থেকে ২৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসামিরা হলেন- আব্দুল বারেক মৃধা, রশিদ সরকার ওরফে মোতালেব মওলানা, খালেক মেম্বার, হাফেজ মো. ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ, হাবিবুর রহমান-২, আবুল হোসেন মুন্সী, আব্দুল লতিফ তরফদার ও আব্দুল রহমান।
২০১৭ সালের ১১ অক্টোবর মাগরিবের নামাজের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরারা হরতালের সমর্থনে আশুলিয়া আব্বাসিয়া মসজিদের পাশে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মশিউর রহমান নয়ন মামলাটি দায়ের করেন।
২০১৮ সালের ২৩ নভেম্বর আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলাম ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
