নেত্রকোনায় ৯৯৬ কোটি টাকার তিন সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের বৈঠক

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:০৭

‘৯৯৬ কোটি টাকার তিন সড়ক, জমি অধিগ্রহণ না হওয়ায় সাত সেতুর অ্যাপ্রোচ সড়ক হচ্ছে না’ শীর্ষক দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় গতকাল রবিবার প্রকাশিত খবর নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। বিকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইত্তেফাকে প্রকাশিত তিন সড়কের প্রতিবেদন নিয়ে বিষদ আলোচনা হয় এবং ‘নেত্রকোনা-কলমাকান্দা’ সড়ক ছাড়াও ‘বিশিউড়া-ঈশ্বরগঞ্জ’ সড়কের জমি অধিগ্রহণ করে তা আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। 

এছাড়া নেত্রকোনা বাইপাস সড়ক এবং নেত্রকোনা-কেন্দুয়া সড়কের জমির যৌথ জরিপের কাজও আজ (সোমবার) থেকে শুরু হবে বলে জেলা প্রশাসক এই প্রতিনিধিকে জানান। জমির যৌথ জরিপের জন্য অন্য উপজেলা থেকে সার্ভেয়ার এনে তা করা হবে। তবে জমির মালিকানা নিয়ে অনেকের বিরোধ থাকায় তা সমাধান করতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, দুই মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান। তিনি এই প্রতিনিধিকে আরো বলেন, জমি অধিগ্রহণ না করেই সেতুর টেন্ডার প্রদান করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণ করে টেন্ডার আহ্বান করলে সমস্যা হতো না। যা হোক, এখন জমি অধিগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত কাজ করা হবে যাতে অ্যাপ্রোচ সড়কগুলো দ্রুত নির্মাণ করা যায়। এছাড়া জমি অধিগ্রহণে যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য জনপ্রতিনিধির সঙ্গে মত বিনিময় করা হবে বলে জানান। 

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার ছাড়াও বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইআ