বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদরের এরুলিয়ায় ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৮টায় পুলিশের এই কর্মকর্তা নিহত হন।
নিহত বিকাশ চন্দ্র কক্সবাজারে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, এএসআই বিকাশ চন্দ্র সরকার তার আগের কর্মস্থল চাপাইনবাবগঞ্জ জেলায় আদালতে সাক্ষী দিতে যান। আদালতে সাক্ষী দিয়ে তিনি বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। রবিবার রাত ৮টার দিকে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এএসআই বিকাশের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
