শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুক্রবার-শনিবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি ছুটি দুই দিনের মধ্যে প্রথম ছুটি ভোগ করেছে। শুধু ব্যতিক্রম ছিল নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট উচ্চ বিদ্যালয়। শনিবার ছুটির দিনেও বিদ্যালয়টি খোলা ছিল। পুরোদমে চলেছে পাঠদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়ে শনিবারের পরিবর্তে সোমবার ছুটি করেছি। এ কারণে শনিবার বিদ্যালয় খোলা ছিল। বিদ্যালয়ে প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী রয়েছেন। প্রতি সোমবার বিদ্যালয় মাঠে হাট বসে। সেই কারণে গত বৃহস্পতিবারে প্রধান শিক্ষক মামুনুর রশিদ অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শনিবারের পরিবর্তে সোমবার ছুটির সিদ্ধান্ত নেন। ওই দিনই শিক্ষার্থীদের শনিবারে বিদ্যালয় খোলা থাকার কথা জানানো হয়। যথারীতি আগের মতো শনিবারে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। পুরোদমে পাঠদান হয়।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সব বিদ্যালয় শনিবারে ছুটি থাকবে আর আমাদের বিদ্যালয় খোলা থাকবে। আবার আমাদের বিদ্যালয় সোমবারে ছুটি থাকবে। অনেক আগে থেকে সোমবারে বিদ্যালয়ের মাঠে সকাল থেকে হাট-বাজার বসে। এখন সোমবারে ভালোভাবে হাট-বাজার বসাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, ‘সোমবার গোবরচাঁপার হাট। একারণে সোমবারে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম হয়। আমরা শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছি। ওই বৈঠকে শনিবার বিদ্যালয় খোলা রাখা ও সোমবারে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আমি জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও), বদলগাছীর ইউএনও স্যার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকেও জানিয়েছি। তাদের সম্মতি নিয়ে শনিবারের পরিবর্তে সোমবার ছুটি ঘোষণা করেছি।’
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘সোমবার গোবরচাঁপা হাটের দিন। এ কারণে প্রধান শিক্ষক শনিবারের পরিবর্তে সোমবার ছুটি করেছে। প্রধান শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষা অধিদপ্তরের সম্মতি নিতে পত্র দিতে বলেছি।’
বদলগাছির ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, ‘গোবরচাপা হাট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতি সাপেক্ষে শনিবারের ছুটি পরিবর্তন করে সোমবার করেছে।’
