আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা বিএনপি-জামায়াতের জন্ম, সৃষ্টি হয়েছে। তারা আইএসআইয়ের মাধ্যমে পরিচালিত হয়। পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক। তারা কখনো আলাদা হতে পারে না, কখনো হবেও না।
সোমবার (২৮ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে দিয়েছে গণমাধ্যমের এমন খবর প্রসঙ্গে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছে, ২০ দলীয় জোট এখন কার্যকর নেই। তারা আর বিএনপি'র সাথে নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি-জামায়াত কখনো আলাদা হতে পারে না। এটা তাদের রাজনৈতিক কৌশল। কারণ বিএনপি'র শীর্ষ নেতা তারেক রহমান ছাত্রশিবিরের এক সমাবেশে বলেছিলো ছাত্রশিবির-ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই। আর এক মায়ের দুই সন্তান বিএনপি এবং জামায়াত। এদের জন্মই হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে।
যুব মহিলা লীগ সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অপু উকিল।
