সন্ত্রাসী-চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না: নিক্সন চৌধুরী

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:৩১

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাসী যত বড়ই হোক, যে দলই করুক তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।’ সোমবার (২৯ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির সামনে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর থানার অফিসান ইনচার্জ সুব্রত হালদার, কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক শাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্যা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার প্রমুখ।

বক্তব্য রাখছেন নিক্সন চৌধুরী।

এ সময় নিক্সন চৌধুরী আরও বলেন, ‘আমার কাছে সব খবর আছে, কে কে চাঁদাবাজি করেন, কিভাবে করেন? হারায়ে যাবেন, জনগণ ক্ষেপলে খুঁজে পাওয়া যাবে না। তাই আজ এই সভা থেকে সতর্ক করছি, সন্ত্রাসী, চাঁদাবাজরা শুধরে যান, নইলে পরিণাম ভালো হবে না।’ 

তিনি আরও বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমার ইমানি দায়িত্ব। তিনি এসময় সাধারণ জনগণকে ভয় না পেতে আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের পাশে আছি।’

সভায় বক্তারা, কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার এক ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রম, স্বেচ্ছাচারিতা, অনিয়মের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এমপি নিক্সন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন। 

ইত্তেফাক/এএএম