কিছু বিষয় সংযোজন করলে ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:৩৮

কিছু সংযোজন করে দিলেই শনিবার বিকেল সিনেমাটি মুক্তিতে কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার বিকেলে মিন্টো রোডে মন্ত্রীর বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ঢাকায় হলি আর্টিজানে যে হামলা হয়েছিলো সেই ঘটনার ওপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সেখানে দু’জন পুলিশ অফিসার মারা গেছেন এবং আমাদের পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে জঙ্গিদের দমন করেছিল। সেন্সর বোর্ডের অভিমত, সেই বিষয়গুলো সিনেমাটিতে আসেনি। সে জন্য এই দৃশ্যগুলো সংযোজন করতে বলা হয়েছে। সেটি তারা কিছুটা করেছে বলে আমাকে জানিয়েছে কিন্তু সেটিও যথেষ্ট নয়। তারা আপিল করেছিল। আপিল কর্তৃপক্ষ সিনেমার পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেবে কি কি সংযোজন করা প্রয়োজন। সেগুলো সংযোজন হলে আমি মনে করি এই সিনেমা রিলিজ করার ক্ষেত্রে যে সমস্যা আছে সেটি কেটে যাবে।’ 

শনিবার বিকেল সিনেমাটি ওয়ান শটে টেক করা। অর্থাৎ পুরো সিনেমাটা এক শটে নেয়া। কোনো কাট নাই সিনেমাটির মধ্যে। এমন একটি সিনেমায় কোনো দৃশ্য কীভাবে সংযোজন করা যাবে?

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, অমিতাভ রেজা চৌধুরী, এস এ হক অলীক, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মেজবাউর রহমান সুমন, সৈয়দ গাউসুল আলম প্রমুখ।

এ বিষয়ে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, আমি সিনেমাটি দেখেছি। এটা তো এক শটের সিনেমা। এখানে কিছু সংযোজন করা সম্ভব না। সিনেমার শেষে কিছু একটা যোগ করে দিতে হবে। সেটাই হয়তো আপিল বোর্ডের নির্দেশে থাকবে।’

ইত্তেফাক/বিএএফ