এশিয়া কাপ ২০২২

রশিদ-মুজিবকে ছাপিয়ে চিন্তার কারণ ফারুকি

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬:৫৫

দুই দিকেই সুইং করাতে পারেন। নতুন বলে দারুণ কার্যকর ফজল হক ফারুকি। এতদিন আফগানিস্তানের বোলিং আক্রমণ ছিল স্পিননির্ভর। ফারুকি সেখানে পেস বোলিংয়ে আগুনের গোলা হয়ে ধরা দিয়েছেন। রশিদ খান-মুজিবরা বোলিং আসার আগেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন বাঁ-হাতি এই পেসার।

তার নতুন বলের ধার অবশ্য বাংলাদেশ আগেই টের পেয়েছে। গত মার্চে বাংলাদেশ সফরে তামিম-মুশফিকদের ভুগিয়েছেন ২১ বছর বয়সি এ পেসার। প্রথম ওয়ানডেতে তিন ওভারে ৪ উইকেট নিয়ে খাদের কিনারে ঠেলে দেন টাইগারদের। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আফিফ-মিরাজের অবিশ্বাস্য জুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ দল। তিন ওয়ানডেতে ৬ উইকেট এবং দুই টি-২০তে ৫ উইকেট নেন এই আফগান পেসার।

শুধু যে দুই দিকে সুইং করান, তা নয়, ফারুকির বল বেশ স্কিডও করে উইকেটে পড়ে। বিশেষ করে তার ইনকামিং বল ব্যাটসম্যানদের বিপদে ফেলে। বাঁ-হাতি ব্যাটসম্যানরাই তার বড় শিকার। ভেতরে ঢোকা বলে ওয়ানডে সিরিজে তামিমকে দুইবার আউট করেছিলেন।

এই তো সেদিন এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কাকে এলবির ফাঁদে ফেলেছেন। ইনিংসের প্রথম ওভারেই লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন ফারুকি। ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও তিনি।

মজার বিষয় বাংলাদেশের ক্রিকেটে ফারুকিকে চিনিয়েছেন তামিম। সর্বশেষ বিপিএলে মিনিস্টার ঢাকা দলে তাকে অন্তর্ভূক্ত করান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তারপর থেকেই উড়ছেন এই আফগান তরুণ।

টি-২০তে ১০ ম্যাচে তার ঝুলিতে ১৫ উইকেট। রশিদ খানের লেগ স্পিনের বিষ, মুজিবের রহস্যময় বোলিংয়ের ফাঁদে পড়ার আগে আজ ফারুকিকে সামলাতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানদের। আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে নতুন বলে ফারুকির বোলিং টাইগারদের জন্য বড় চিন্তার কারণ হবে।

আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর আশা, বাঁ-হাতি এই পেসার এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবেন। বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ফারুকির বল সামাল দেওয়ার পরিকল্পনা করা আছে।

মিরাজ বলেন, ‘শুরুতে ওদের যে বোলিং করে, ওর বল কীভাবে ভেতরে আসে, কীভাবে সুইং করে, এটা কীভাবে সামলাবে, ওপেনাররা আগে থেকেই এটার প্রস্তুতি নিয়েছে। এখানে আসার আগে আমরা দেশে অনুশীলন করেছি। এখন শুধু মাঠে বাস্তবায়ন করতে হবে, আমাদের ভালো খেলতে হবে।’

মিরাজের কথায় স্পষ্ট হোম ওয়ার্ক করেছে বাংলাদেশ দল। এখন ২২ গজে ফারুকিকে খেলার ক্ষেত্রে কতটা সফল হবেন বিজয়রা, সেটাই দেখার বিষয়।

ইত্তেফাক/ইআ