ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। এতে বয়সের কোনো বাধা থাকবে না। এর আগে শুধু বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তির সুযোগ পেতেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগে আমাদের মাস্টার্স পর্যায়ে লেটারাল এন্ট্রি ছিল না। আমাদের শিক্ষার্থীরাই মাস্টার্সে ভর্তি হতো। এখন থেকে মাস্টার্সে আসনসংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বিদেশি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন।’
- স্নাতকে ভর্তির নতুন পদ্ধতি
বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিট তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় গত ফেব্রুয়ারিতে। কিন্তু বিষয় পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা দেয়নি বিশ্ববিদ্যালয়। গতকাল বিভাগ পরিবর্তনের জন্য নতুন নিয়মের সুপারিশ করা হয়। সুপারিশ অনুযায়ী, শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়সমূহ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত বা পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি বা গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
