রাতটা আজীবন মনে রাখবেন সেরেনা উইলিয়ামস। অবশ্য ভুলে যাওয়ারও কোনো উপায় নেই। নিউ ইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে পুরো গ্যালারি হয়ে উঠে সেরেনাময়। সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন থেকে শুরু করে স্পাইক লি, লিন্ডসে ভন, রেবেল উইলসন, মাইক টাইসনের মতো বিখ্যাত সেলেব্রেটিরা উপস্থিত ছিলেন কেবল সেরেনার খেলা দেখবেন বলে। কেননা হতে পারে এটাই এই মার্কিন টেনিস তারকার শেষ ইউএস ওপেন!
সেরেনা যখন কোর্টে প্রবেশ করেন, তখন ‘সর্বকালের সেরা’ স্লোগানে মুখরিত হয়ে উঠেন প্রায় ২৪ হাজার দর্শক। অবিস্মরণীয় এই রাতে তাদের হতাশ করেননি ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ইনজুরি থেকে ফেরার পর তিনটি টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন। কিন্তু ইউএস ওপেনের শুরুটা করলেন সহজ জয় দিয়ে। ২৭ বছর বয়সী মন্টিনিগ্রোর দানকা কোভিনিচকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন ৪০ বছরের সেরেনা। আর্থার অ্যাশেতে এটি তার ১০২তম জয়, ‘এই কোর্টে খেলতে আমি অনেক স্বস্তিবোধ করি। অভ্যর্থনা সত্যিই অসাধারণ ছিল। আওয়াজ এতটাই জোরে ছিল যে বুক দিয়ে সেটি অনুভব করছিলাম আমি। সত্যিই ভালো এক অনুভূতি ছিল যা আমি কখনোই ভুলব না। এর মানেটা আমার কাছে বিশাল। অবসরের ব্যাপারটা এখনো খুব কঠিন আমার কাছে। কারণ এখনো কোর্টে থাকতে ভালোবাসি আমি।’
পরের রাউন্ডে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে সেরেনার জন্য। তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে দ্বিতীয় বাছাই আনেত কোন্তাভিতের মুখোমুখি হবেন তিনি। প্রথম দিন নারী এককে জয় পেয়েছেন মারিয়া সাক্কারি, ওনস জাবের, গতবারের রানার্সআপ লেইলা ফার্নান্দেজও। তবে ইউক্রেনের দারিয়া নিগুরের কাছে হেরে বিদায় নিয়েছেন দুই গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিমোনা হালেপ।
পুরুষ এককে দাপুটে জয়ে আসর শুরু করেন দানিল মেদভেদেভ। স্তেফান কোজলোভকে ৬-২, ৬-৪, ৬-০ গেমে স্রেফ উড়িয়ে দেন রুশ তারকা। তবে অঘটন ঘটিয়েছেন স্তেফানোস সিৎসিপাস। দানিয়েল গালানের কাছে ৬-০, ৬-১, ৩-৬, ৭-৫ গেমে হেরে আসরের শুরুতেই বিদায় নেন চতুর্থ বাছাই। একই পরিণতি হয়েছে ২০২০ সালের চ্যাম্পিয়ন ডমিনিক টিমেরও। পাবলো কারেনোর কাছে ৭-৫, ৬-১, ৫-৭, ৬-৩ গেমে হারেন এই অস্ট্রিয়ান তারকা।
