চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিন্ডিকেট করে সিএনজি ভাড়া বৃদ্ধি এবং বাসে তালিকা না রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরূদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চাতুরি চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং, অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যান চালানোর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৮টি মামলায় ৮ জন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’ ভাড়া নিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
