টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় দেড় মাসের মতো। এতোদিন হাতে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এতো আগে দল ঘোষণা অবশ্য অস্ট্রেলিয়ার জন তেমন নতুন কিছু নয়। বরং এবার অজিরা চমক দিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান টিম ডেভিডকে দলে অন্তর্ভুক্ত করে।
ক্রিকেট বিশ্বে টিম ডেভিডের নামটি অপরিচিত নয়। তবে এতোদিন তার পরিচয় ছিল সিঙ্গাপুরের ক্রিকেটার বা ছোট দেশের বড় তারকা হিসেবে। তার মা-বাবা জন্মসূত্রে অস্ট্রেলিয়ান নাগরিক হওয়ার সু্যোগে এবার মারকুটে এই মিডল-অর্ডার ব্যাটারকে দলে টেনে নিয়েছে অজিরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলেই লেগ স্পিনার মিচেল সোয়েপসনের জায়গায় নেওয়া হয়েছে মিডল-অর্ডারের হার্ডহিটার ব্যাটসম্যান টিম ডেভিডকে। ২০১৯ সালে সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডেভিডের। অভিষেকের পর থেকে সিঙ্গাপুরের হয়ে ১৪ টি-টোয়েন্টিতে ৪৬.৫০ গড়ে ১৫৮.৫২ স্ট্রাইক রেট নিয়ে ৫৫৮ রান করেছেন, আছে চারটি অর্ধশতকও।
তবে তার সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। যেই দলেই খেলেছেন সেখানেই মিডল-অর্ডারে পাওয়ার হিটিং দিয়ে বেশ চমক দেখিয়েছেন টিম ডেভিড।
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া অন্যান্যদের পাশাপাশি টিম ডেভিডকে নিয়ে আলাদাভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলে আরও অনেক বিশ্বমানের মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে। তবে গত দুই বছরে সম্ভবত ডেভিডের মতো ভালো কেউ করতে পারেনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, কেন রিচার্ডসন।
ইত্তেফাক/এসএস/এএইচপি
