বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। এ ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমন সাদিক ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী।
জাকির হোসেন রাজু বলেন, গল্প ও চরিত্র অনুযায়ী ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আরও অনেক জনপ্রিয় শিল্পী এতে কাজ করবেন।
এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে নায়ক সাইমন বলেন, ‘জাকির হোসেন রাজু স্যারের সিনেমা দিয়ে আমি ক্যারিয়ার শুরু। উনার ‘পোড়ামন’ দিয়ে ক্যারিয়ারের সেরা হিট সিনেমাটি পেয়েছি। তার সঙ্গে কাজ করাটা আমার জন্য বরাবরই স্পেশাল। এর আগে তার কয়েকটি সিনেমায় কাজ করেছি। আবার স্যারের সিনেমায় কাজ করার সুযোগ এলো। আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় ‘চাদর’ ছবির শুটিং শুরু হবে। আশাকরি ভালো কিছুই হবে।’
সাইমন-বুবলী ছাড়াও ‘চাদর’ সিনেমায় অভিনয় করবেন রাশেদ মামুন অপু, মুনীরা মিঠুসহ অনেকেই।

