সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উদযাপনের থিম লোগো উন্মোচন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৫

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি ডিসেম্বরে। এই পূর্তি উদযাপন উপলক্ষে তৈরি করা হয়েছে ‘থিম লোগো’। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের উপস্থিতিতে এই ‘থিম লোগো’ উন্মোচন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে গঠিত জাজেস কমিটির আহবায়ক আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উদযাপনের থিম লোগো উন্মোচনকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ অন্যান্যরা।

‘থিম লোগো’ উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক। এ আদালতের বিচারপতিগণ শুধুমাত্র সংবিধানের সুরক্ষা প্রদানই নয়, বাংলাদেশের অভ্যুদয় এবং বাঙালি জাতির সাংস্কৃতিক এবং মননগত কাঠামো বিনির্মাণে বরাবরই অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন। জনগণের প্রাত্যহিক জীবন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে সুপ্রিম কোর্টের দেয়া রায়সমূহ গভীর তাৎপর্য বহন করে আসছে। জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে জাতীয় জীবনে সুযোগ্য নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

তিনি বলেন, এক মনোরম তুলনাহীন সন্ধিক্ষণে আমাদের সংবিধান আর সুপ্রিম কোর্টের যুগপৎ অর্ধশতবছর পূরণ হতে যাচ্ছে সহসাই। অনুপম সে মুহূর্তমালার যথার্থ উদযাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট, চলছে সর্বাত্মক প্রস্তুতি। তারই অংশ হিসেবে আজকের এই থিম লোগো উন্মোচন অনুষ্ঠান। এই লোগোর শ্বেতশুভ্র পটভূমিতে স্বর্ণবর্ণ চিত্ররেখায় অলংকৃত সংবিধান ও সুপ্রিম কোর্ট পরস্পর সংলগ্ন হয়ে আছে আজন্ম সুহৃদের মত। সার্থক উপমা পেয়েছে স্বর্ণাক্ষরে লেখা সংবিধান আর ঘোর অমানিশা শেষে ন্যায়বিচারের আলো ঝলমলে দিন। পাশাপাশি যুগবাহিত সাবেকি ঘরানার বাংলা হরফে জ্ঞাপিত হয়েছে সম্ভ্রান্ত ঐতিহ্য সচেতনতা।

সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তৈরি করা হয়েছে ‘থিম লোগো’।

অনুষ্ঠানে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান বক্তব্য রাখেন। পরে প্রধান বিচারপতির সঙ্গে ৫০ বছর পূর্তি উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা ফটোসেশনে অংশ নেন।

প্রসঙ্গত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। 

ইত্তেফাক/এমএএম