বিইউপিতে 'মেইক ইট কাউন্ট ২০২২' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) 'এমআইসি - মেইক ইট কাউন্ট ২০২২' শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির বিজয় অডিটোরিয়ামে বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে 'সেইলর প্রেজেন্টস এমআইসি- মেইক ইট কাউন্ট ২০২২ ইন অ্যাসোসিয়েশন উইথ ইয়ামাহা মোটরস'-এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি'র উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি। এসময় বিইউপি'র বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (জেনারেল) অধীনে পরিচালিত বিইউপি ক্যারিয়ার ক্লাব তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করে। এ বছর দেশের ২৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত প্রায় সাড়ে ৩ শ' এতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত ২০ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়। ৪টি পর্যায়ের প্রথম দুই পর্যায় অনলাইন মাধ্যমে এবং পরবর্তী দুই পর্যায় অনুষ্ঠিত হয় বিইউপি ক্যাম্পাসে। প্রতিযোগিতায় দুটি বিশেষ অনলাইন কর্মশালা রাখা হয়, যেখানে 'নগদ'-এর চীফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন এবং 'কোডার্সট্রাস্ট বাংলাদেশ'-এর কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গণি ওসমানী বক্তব্য দেন।

প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বক্তৃতাশৈলী বিকাশের একটি মঞ্চ তৈরি করে দেওয়া এবং তাদের ক্যারিয়ারের বিকাশে বক্তৃতা নৈপুণ্যকে কাজে লাগাতে উৎসাহ যোগানো।

প্রতিযোগিতায় সেরা বক্তা হিসেবে আয়মান সাবিত অর্জন করেন ৫০ হাজার টাকার পুরস্কার। প্রথম রানারআপ শাহরিয়ার জাহিদ মর্ম এবং ২য় রানারআপ মারজুকা আহমেদ চৌধুরী ৩০ ও ২০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। এছাড়া সাদাত আল আবরার ও সাদেকিন হায়দার মজুমদার ১০ হাজার টাকা সমমানের পুরস্কার পেয়েছেন।

ইত্তেফাক/এসটিএম