আলাস্কায় এক বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হেরে গেছেন সারাহ পেলিন। ডেমোক্র্যাট পার্টির মেরি পেলটোলার কাছে হেরে যান রিপাবলিকান প্রার্থী সারাহ পেলিন। এই আসনে পেলটোলাই প্রথম নারী যিনি ডেমোক্র্যাট দল থেকে জয় পেলেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প সারাহ পেলিনকে সমর্থন দিয়েছিলেন।
রিপাবলিকান কংগ্রেসম্যান ডন ইয়ংয়ের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন পেলটোলা। গত ৪৯ বছর এই আসনে জয় পেয়ে আসছেন ডন ইয়ং। গত মার্চে তিনি মারা যান। পেলটোলা গর্ভপাতের পক্ষে। তিনি এই সুবিধা পাচ্ছেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। পরে ডাকযোগে পাঠানো অনুপস্থিত ব্যালটের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করা হয়। আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন এই পরাজয়ে হতাশ হয়েছেন। তিনি আবারও রাজনীতিতে ভালো অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের সঙ্গে রানিংমেট হিসেবে লড়াই করেছিলেন সারাহ পেলিন। -রয়টার্স
