মাদরাসা ছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবককে কারাদণ্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫১

আড়াইহাজারে মাদরাসার ছাত্রী উত্ত্যাক্ত করায় এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহপরান (২৬)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।  শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্টে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাহমুদের সালমদী এলাকায় মাদরাসা থেকে একজন ছাত্রী বাড়ি ফেরার পথে যুবক শাহপরান তাকে উত্ত্যাক্ত করে। পথে পিছু নিয়ে অশালীন কথা বলে। ওই ছাত্রী বাড়ি ফিরে উত্ত্যাক্তের কথা বাবা-মাতাকে জানায়। 

ছাত্রীর অভিভাবকরা বিষয়টি গ্রামের গণ্যমান্য লোকজনকে জানালে গ্রামবাসী ক্ষেপে যান। গ্রামের লোকজন শাহপরানকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইভটিজিংয়ের অপরাধে ১৮৬০ সালের ইভটিজিং আইনে শাহপরানকে (২৬) ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মঞ্জুর মোরশেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে