সালমানের ডাক পেয়েছেন নুসরাত?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

টলিউড পেরিয়ে বলিউডের দিকে পা বাড়াতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিতর্কিত চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। তবে সেটি কোন সিনেমার মধ্য দিয়ে নয়, সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো  ‘বিগ বস ১৬’ এর মধ্য দিয়ে।

শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত। তবে কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি।

বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’ এ এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হল, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামে।

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই তো স্বাভাবিক।

এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও খুব শিগগির পাড়ি দেবেন মুম্বাইয়ে! সূত্র: আনন্দবাজার।

ইত্তেফাক/বিএএফ