বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এবং মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্পাদকমণ্ডলীর ১৬ নেতাকর্মীকে রাজশাহী সিটি করপোরেশনে কাজের সুযোগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাসিক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশনে মেয়র রাজশাহীবাসীর প্রাণের স্পন্দন জননেতা এএইচএম খাইরুজ্জামান লিটন ভাই মোট ১৬ জনকে সিটি করপোরেশনে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মেয়রকে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগের প্রক্রিয়ায় চেষ্টা এবং তদবিরসহ যোগাযোগ করে ব্যবস্থা করেছেন রাজশাহী মহানগর যুবলীগের যুবনেতা যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
এদিকে, যুবলীগের নেতাকর্মীরা কর্মে যোগদানের পর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মেয়রকে ও তার স্ত্রী শাহীন আক্তার রেনিকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুকুল শেখসহ নগর যুবলীগের এক ঝাঁক নেতা।

