বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর অংশগ্রহণে ভার্চুয়াল শিক্ষা মেলার আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। আগামী ৩ ও ১০ সেপ্টেম্বর এই মেলার আয়োজন করা হবে বলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬০ টিরও বেশি স্বীকৃত আমেরিকান কলেজ ও বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণ করবেন। যার প্রধান লক্ষ্য, সম্ভাব্য ছাত্র, শিক্ষক ও কলেজের পরামর্শদাতাদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার অনন্য সুযোগ প্রদান করা।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর অংশগ্রহণে ভার্চুয়াল এ শিক্ষা মেলা সবার জন্য উন্মুক্ত। ‘এডুকেশন-ইউএসএ সাউথ এশিয়া ভার্চুয়াল ট্যুর-২০২২’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করছে এডুকেশন-ইউএসএর পরামর্শ কেন্দ্র। এই ভার্চুয়াল সফরটি বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
৩ সেপ্টেম্বরের মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামের স্নাতক ভর্তি মেলা ও ১০ সেপ্টেম্বর সহযোগী ও ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের স্নাতক মেলা অনুষ্ঠিত হবে। দুই দিনের অনুষ্ঠানই সন্ধ্যা ৬ টা ৩০মিনিট থেকে রাত ৯ টা ৩ মিনিট পর্যন্ত চলবে।
এই ভার্চুয়াল ট্যুরে ইন্টারেক্টিভ আলোচনা ও ইউএস ইউনিভার্সিটি ভর্তি নিয়োগকারী, ইউএসএর শিক্ষা উপদেষ্টা ও মার্কিন দূতাবাসের কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একের পর এক চ্যাটের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীরা কলেজ বোর্ড ও ইটিএসের মতো বিভিন্ন মানসম্মত পরীক্ষামূলক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে।
অংশগ্রহণকারীরা মার্কিন কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা, আর্থিক সহায়তা, মানসম্মত পরীক্ষা ও স্টাডি ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উভয় মেলার সময়ই এডুকেশন ইউএসএ বাংলাদেশ বুথে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ভর্তির প্রতিনিধিদের সঙ্গে কীভাবে সর্বোত্তম যোগাযোগ করা যায় সে বিষয়ে নির্দেশনা পেতে উৎসাহিত করা হচ্ছে।
