দীর্ঘ ১৫ বছর পরে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা লঞ্চঘাট সাইরেনের শব্দে আবার মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শরণখোলা-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
শুক্রবার বিকালে ভার্চুয়ালি লঞ্চ চলাচল শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন।
এর আগে সকালে ঢাকা থেকে এমভি পূবালী-৭ লঞ্চ যাত্রী নিয়ে রায়েন্দা ফেরিঘাটে এসে নোঙর করে। ১৫ বছর পরে ঘাটে লঞ্চ দেখে স্থানীয়রা আবেগী হয়ে উঠেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে রায়েন্দা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পরে এ অঞ্চলের মানুষের দাবি ও স্থানীয় এমপি এবং শরণখোলা প্রেসক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। এমভি পূবালী-৭ রায়েন্দা থেকে দুপুর সোয়া ২টায় ছেড়ে ঝালকাঠি, বরিশাল, চাদঁপুর হয়ে সকাল ৭টায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছবে এবং ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে পরদিন সকাল ৭টায় রায়েন্দা পৌঁছানোর কথা রয়েছে।
