রাজধানীর গুলিস্তানের একটি টিনশেড মার্কেটে আগুন লেগেছে। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার ভোর ৪টা ৫৭ মিনিটে গুলিস্তানের ওই টিনশেড মার্কেটে আগুন লাগে। পরে ৪টা ৫৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে। তাই তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো যাচ্ছে না। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।
