মাঠের লড়াইয়ে কেউ কাউরে একবিন্দু ছাড় দেয়া যাবে না। এমন মন্ত্র জপেই যেন আক্রমণ-প্রতি আক্রমণে লড়াইটা জমিয়ে তুলেছিলো দুই দলই। মাঠের ৯০ মিনিট দুর্দান্ত লড়াইয়ের পর শেষমেশ লিভারপুল আর এভারটনকে পয়েন্ট ভাগাভাগির হতাশা নিয়েই ছাড়তে হয়েছে মাঠ।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। আজকের ম্যাচে তাদের জন্য জয় পাওয়াটা ছিলো অনেক বেশিই গুরুত্বপূর্ণ। তবে মার্সিসাইড ডার্বিতে এক এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সামনেই যেন আটকে গেলো অলরেডরা। গুডিসন পার্কে আটটি সেভ করে এভারটনের নায়ক আর ম্যাচের সেরাও হয়েছেন পিকফোর্ড।
প্রথম থেকে কিছুটা ধীরে শুরু করা লিভারপুলের সামনে প্রথম সুযোগ আসে ম্যাচের ১৮ মিনিটে। ডানদিক থেকে আলেক্সান্ডার আর্নোল্ডের বাড়ানো ক্রস হেড করেও গোলপোস্টে রাখতে পারেননি ডারউইন নুনেজ। এর ঠিক পাঁচ মিনিট পর সুযোগ পেয়েছিলো এভারটনও। তবে অ্যান্থনি গর্ডনের শট আটকে দেন ভারপুল গোলরক্ষক অ্যালিসন। মিনিট দশেক না যেতেই আবারও সুযোগ আসে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের সামনে। এবার টম ডেভিসের শট প্রতিহত হয় বারপোস্টে।
বিরতির আগে ঠিক শেষ মুহুর্তে আবারও দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন নুনেজ। এবার তার শট প্রথমে পিকফোর্ডের হাতে লেগে পরে ক্রসবারে প্রতিহত হয়। ফিরতি বলে লুইস দিয়াজের শটও আটকে যায় বারপোস্টে লেগে।
বিরতির পর আবারও লিভারপুলকে এগিয়ে নেয়ার সুযোগ পান নুনেজ। তবে এবারও তার সামনে বাঁধা হয়ে দাড়ান এভারটন গোলরক্ষক পিকফোর্ড। ম্যাচের ৬৫ মিনিটে গিয়ে আবারও এভারটনের ত্রাতা পিকফোর্ড। রবার্তো ফিরমিনোর হেড আটকানোর পর ফ্যাবিনহোর নেয়া শটও আটকে দেন তিনি।
এর ঠিক মিনিট চারেক পরই গোল প্রায় পেয়েই গিয়েছিলো এভারটন। জালে বলও পাঠিয়েছিলো কনর কোডি। তবে ভিএআর দেখে রেফারি সেই গোল বাতিল করেন কোডি অফসাইডে থাকায়।
ম্যাচের শেষের দিকে মোহাম্মদ সালাহর পাস থেকে বল পেয়ে ফিরমিনহোর নেয়া শট আরও একবার দারুন দক্ষতায় আটকে দেন পিকফোর্ড। লিভারপুলের ভাগ্যদেবীও এদিন যেন প্রসন্ন ছিলো না, ম্যাচের ইঞ্জুরি টাইমের একেবারে শেষে এসে সালাহর নেয়া জোরালো শটে হাত ছোঁয়ালেও বল আটকাতে পারেননি পিকফোর্ড, তবে সেই বলও গিয়ে লাগে পোস্টে।
মার্সিসাইড ডার্বিতে এক পিকফোর্ড আর বারপোস্টই যেন লিভারপুলকে আটকে দিয়েছে। হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ক্লপের শিষ্যদের। এই নিয়ে ইপিএলে ৬ ম্যাচে ২ জয়, ৩ ড্র আর ১ হারে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে রয়েছে লিভারপুল।
ইত্তেফাক/এসএস/এএইচপি
