ভারতের বিপক্ষে ‘সাহসী ও শান্ত’ থাকার মন্ত্র পাকিস্তানের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:০৭

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোন ধরেণের উত্তেজনা নয় বরং পাকিস্তান শান্ত থাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন দলের উইকেটরক্ষ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলারও ইঙ্গিত দিয়েছেন তিনি। 

গতকাল হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। সেই ম্যাচে অপরাজিত ৭৮ রান করে ম্যাচসেরার পুরষ্কারটি নিজের করে নেন রিজওয়ান। 

রবিবার দুবাই স্পোর্টস সিটি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথে  মুখোমুখি হবে দুই দল। এই মর্যাদার লড়াইয়ে স্টেডিয়াম আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে রিজওয়ান সাংবাদিকদের জানান, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও  এ ম্যাচের জন্য অপেক্ষা করে থাকে।’

পাকিস্তানের এই উইকেটরক্ষক আরও বলেন, ‘চাপ উভয় দলের ওপর সমানভাবেই থাকবে, তবে যারা সাহসী এবং শান্ত থাকতে পারবে তারাই ভালো ফল করবে।’

এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান। শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানে হারিয়ে সুপার ফরে উঠেই আবার মুখোমুখি ভারতের। রিজওয়ান জানান, ‘আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের  বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা।’

তিনি আরও বলেন, ‘এটিকে সহজভাবে নিতে হবে। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃস্টিকর্তার কাছ থেকে।’

রাজনৈতিক কারণে শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এছারা দ্বিপাক্ষিক কোন সিরিজে মুখোমুখিম দেখা যায় না দুই দলকে।
প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়াম থাকে পরিপূর্ণ। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখে লক্ষ-লক্ষ ভক্তরা।

রিজওয়ান জানান, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। আমাদের ভক্তদের  প্রত্যাশা আমরা আমাদের সেরাটা দেবো এবং ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা ছিলো অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক রিজওয়ানের।

ইত্তেফাক/এসএস