কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোক নেমে এসেছে।
তার মৃত্যুতে অনেকের মতো শোক জানিয়েছেন তারই পরিচালিত প্রথম সিনেমার ‘নান্টু ঘটক’ অভিনেত্রী অঞ্জনা।
তিনি বলেন, ঘুম থেকে উঠেই শুনি গাজী মাজহারুল আনোয়ার ভাই নেই। আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। এত কষ্ট লাগছে কোনোভাবেই মনকে বোঝাতে পারছি না, চোখের পানি আটকাতে পারছি না।
তিনি বলেন, কত স্মৃতি কত স্নেহ এ মানুষটির কাছ থেকে পেয়েছি তা মুখে বলে এবং লিখে প্রকাশ করা সম্ভব না। এ মহান মানুষটির সম্পর্কে কোথা থেকে শুরু করবো তা আমি জানি না।
অঞ্জনা বলেন, গাজী মাজহারুল আনোয়ার ভাই পরিচালিত প্রথম চলচ্চিত্র বাম্পারহিট ‘নান্টু ঘটক’ চলচ্চিত্রে তিনি আমাকে প্রধান নায়িকা হিসেবে সিলেক্ট করেন। ছবিটি সেসময় অনেক ব্যবসাসফল হয়। এর আগে গাজী ভাইয়ের প্রযোজনায় নির্মিত আরও দুটি বিখ্যাত চলচ্চিত্র ‘জিঞ্জির’ ও ‘আনারকলি’তে তিনি আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেন।
এরপর গাজী ভাই পরিচালিত আরেকটি বিখ্যাত চলচ্চিত্র বাম্পারহিট ‘বিচারপতি’তেও তিনি আমাকে নায়িকা হিসেবে কাস্ট করেন। এ মানুষটির প্রযোজনায় নির্মিত চারটি চলচ্চিত্রে তিনি আমাকে নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, পারিবারিকভাবে আমাদের সবসময় একটা সুসম্পর্ক ছিল। আমার বাংলা চলচ্চিত্রে পদার্পণের সে সূচনালগ্ন থেকে গাজী ভাইয়ের অনেক স্নেহ পেয়েছি। তিনি ছিলেন বাংলার অহংকার।
