সোমবার থেকে সবার জন্য খুলছে বঙ্গমাতা সেতু 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩

পিরোজপুরের কঁচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন ঘোষণা করেন তিনি। তবে সোমবার রাত ১২টা ১ মিনিটে সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। 

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, সোমবার রাত ১২টা ১ মিনিটে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

উদ্বোধন উপলক্ষে কঁচা নদীর পশ্চিম এবং পূর্বপাড়ে দুটি সমাবেশের আয়োজন করা হয়। সেতুর পিরোজপুর প্রান্তে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সেতুর কাউখালী প্রান্তে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন সরকারি কর্মচারী-কর্মকর্তা, বিভিন্ন দফতর প্রধান ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Setu

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তব্য রাখেন। সড়ক পরিবহন ও সহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী অনুষ্ঠানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে প্রকল্পের ওপর একটি ভিডিও চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালের ১০ জুন প্রথমে পিরোজপুরের একটি জনসভায় কঁচানদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ২০০১ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে যায়। পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতায় আসলে ২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরে আরেকটি জনসভায় এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় এপ্রিল ২০১৬ সালে বাংলাদেশ সরকার ও চীন সরকারের মধ্যে বেকুটিয়া নামক স্থানে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু।

২০১৮ সালে ১ নভেম্বর প্রধানমন্ত্রী ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। চার বছর মেয়াদে নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সড়ক ও জনপথ অধিদফতরের উদ্যোগে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। চার মাস বাকি থাকতেই নির্মাণ কাজ সমাপ্ত হলে ২০২২ সালে ৪ সেপ্টেম্বর নবনির্মিত সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামকরণ করে যান চলাচলের জন্য এ দিন মধ্যরাত থেকে উন্মুক্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এএএম